👁 198 Views

আগাম শীতের সবজিতে ভরপুর পলাশবাড়ীর বাজার, কমেছে দাম

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় গাইবান্ধার পলাশবাড়ীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় কোনো কোনো সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা।
শনিবার (৩ অক্টোবর) স্থানীয় হাটের দিন কালিবাড়ী বাজারসহ শহরের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বেগুন ৫০ থেকে ৭০, শিম ১৫০ থেকে ১৬০, মুলা ৬০, শসা ৩০ থেকে ৬০, আমদানি করা কাঁচামরিচ ৯০ থেকে ১০০ এবং দেশি কাঁচামরিচ ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁয়াজ ৪০ থেকে ৪৫, গাজর ১৪০, টমেটো ১২০ ও আলু ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যান্য কয়েকটি সবজির দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে।
কালিবাড়ী বাজারের বিক্রেতা রঞ্জু জানান, আগাম শীতকালীন সবজির উৎপাদন ও সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে সরবরাহ আরও বাড়লে দাম কমতে পারে।
কালিবাড়ি বাজারের চয়েন আড়তদার সিদ্দিক বলেন,বাজারে দাম বাড়লে আমরা দাম বাড়াই কমালে আমরাও কমে বিক্রি করি।
ক্রেতা নাসির উদ্দীন বলেন, আগের তুলনায় কম টাকায় এখন ব্যাগভর্তি সবজি কেনা যাচ্ছে। এতে সাধারণ ক্রেতারা স্বস্তি পাচ্ছেন।
অন্যদিকে কৃষক সাইফুল ইসলাম জানান, উৎপাদন ভালো হলেও বাজারে দাম কম থাকায় উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কা রয়েছে। উপজেলার কৃষক সুলতান ইসলাম ও ফুলবাড়ীর ওবায়দুল ইসলামও আগাম সবজির ভালো ফলনের কথা জানিয়ে ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাত হোসেন সোহেল জানান, পলাশবাড়ী পৌরসভা ও আটটি ইউনিয়নে প্রায় ৭০০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।