👁 262 Views

গভীর রাতে খাগড়াছড়িতে পুলিশ সুপারের বিশেষ টহল, অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত ব্যবস্থা

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গভীর রাতে বিশেষ নৈশকালীন টহল পরিচালনা করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে মাঠপর্যায়ে সরাসরি উপস্থিত থেকে তিনি জেলা পুলিশের টহল কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের মনোবল ও কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।

টহল ও পরিদর্শন চলাকালে দুর্বৃত্তদের দুইটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি পুলিশের নজরে আসার পরপরই পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

এদিকে চুরি, ডাকাতি, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন পুলিশ সুপার। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে তৎপরতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সুপারের সরাসরি মাঠপর্যায়ে উপস্থিতি ও তদারকিতে জেলা পুলিশের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

খাগড়াছড়িবাসীর নিরাপদ চলাচল ও নির্বিঘ্নে রাতযাপন নিশ্চিত করতে জেলা পুলিশের এমন বিশেষ নৈশকালীন টহল এবং অপরাধবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।