👁 290 Views

নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় নিহত

নাটোর প্রতিনিধি :;  নাটোরের নলডাঙ্গায় প্রায় এক মাস আগে হামলায় গুরুতর আহত হওয়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক  হামিদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দুপুরে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ সকালে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের রায়সিংহপুর বাজারে কালীগঞ্জ ব্রিজের পূর্ব পাশে একটি দোকানের সামনে  হামিদুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে আসেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে হঠাৎ তিনি আবারো অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে নাটোর আধুনিক  সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, পূর্বের হামলার ঘটনায় স্থানীয় কয়েকজন বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখ করে অভিযোগ রয়েছে। তবে হামলার সঙ্গে মৃত্যুর সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত ও চিকিৎসা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে নলডাঙ্গা থানা অফিসার ইনচার্জ নুরে আলম জানায়, ঘটনাটি তাদের জানা রয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম তদন্ত সাপেক্ষে নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *