👁 228 Views

বাঘায় মাদক সেবনের সময় যুবক আটক-৬ মাসের কারাদণ্ড

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামের লালপাগলের মোড় এলাকায় মাদক সেবনের সময় লিখন আলী (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যার পর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বাঘা থানা-পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে গেলেও লিখন আলীকে আটক করা হয়।
পরে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদারের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত মাদক সেবনের দায়ে লিখন আলীকে ছয় মাসের কারাদণ্ড দেন।
বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। সেখানে লিখনকে মাদক সেবন করতে দেখা যায়। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও তকী ফয়সাল তালুকদার বলেন, পুলিশ লিখনকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, অমরপুর গ্রামের লালপাগলের মোড় এলাকায় দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাদকসেবীদের কেউ কেউ ধারালো অস্ত্র বহন করেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, মাদক সেবনের পর কিছু ব্যক্তি গ্রামের ভেতর দিয়ে চলাচলের সময় নারীদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এছাড়া মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা কয়েকটি বাড়িতে অপরিচিত ব্যক্তিদের যাতায়াত নিয়েও স্থানীয়দের মধ্যে সন্দেহ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিভিন্ন সময় ৃৃৃৃঐঐৃমাদক বিক্রি ও সেবন বন্ধে উদ্যোগ নেওয়া হলেও কিছুদিন পর আবার একই কার্যক্রম শুরু হয়। তারা এলাকায় মাদক সেবন ও বিক্রি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম বলেন, মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত কাউকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগ থাকায় এলাকার তরুণ ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তারা মাদক নির্মূলে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *