👁 277 Views

ধোবাউড়ায় ৪ লাখ টাকার ভারতীয় মদ ও বিয়ার উদ্ধার, গ্রেপ্তার আপন ২ ভাই

সালমান সাদিক শাওন : ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের অভিযানে ১০২ বোতল ভারতীয় মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রামের আজিজুল হক (২৩) ও হাবিল (২৮)। তাঁরা সম্পর্কে ভাই।

আজ সোমবার (২৩ নভেম্বর) ভোর চারটার দিকে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রামে তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে আজিজুল হকের ঘরের মাচার নিচে আটটি বস্তায় রাখা ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। হাবিলের ঘরের সামনে লাকড়ির নিচে রাখা দুটি বস্তা থেকে আরও ১৬ বোতল মদ উদ্ধার করা হয়। পরে হাবিলের দেখানো মতে একটি বস্তা থেকে ছয় বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার করা মদের মধ্যে ৯৬ বোতল ভারতীয় আইকনিক হোয়াইট এবং ছয় বোতল কিংফিশার স্ট্রং সুপার প্রিমিয়াম বিয়ার রয়েছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।