
সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক উল্লাপাড়া উপজেলার কয়ড়া, লাহিড়ী মোহনপুর এলাকায় অবস্হিত দুধ ও দুগ্ধজাত পণ্যের কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দুগ্ধজাত পণ্য দই, মিষ্টি তৈরিসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এতথ্য নিশ্চিত করে জানান, অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহার উপস্থিতিতে মিল্ক এনালাইজার এর মাধ্যমে দুধের বিশুদ্ধতা ও মান পরীক্ষা করা হয়। দুধে ফ্যাট লেবেল ঠিক থাকলেও Added water এর উপস্হিতি পাওয়া যায় এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দুগ্ধজাত পণ্য দই, মিষ্টি তৈরিসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাগ্যলক্ষী মিষ্টাম্ন ভান্ডারের ম্যানেজার অন্তু রায়কে ২৫হাজার টাকা এবং দুধ সরবরাহকারী জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের পাশাপাশি বেশ কিছু বাজারে গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। পরে কেএম ইন্সটিটিউশনের হলরুমে লাহিড়ী মোহনপুর দুগ্ধ ব্যবসায়ীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উল্লাপাড়া মডেল থানার আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#