
নওগাঁ প্রতিনিধি: প্রতিদিনের মতো সকালেও অটোরিকশা নিয়ে কাজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সফিজ উদ্দিন মোল্লা (৪৫)। ঘরে চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাটির প্লাগ খুলতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই প্লাগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান তিনি। মুহূর্তেই থেমে যায় পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে নওগাঁর মান্দা উপজেলার পার-কালিকাপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সফিজ উদ্দিন মোল্লা ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও অটোরিকশা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সফিজ উদ্দিন। বাড়ির একটি ঘরে চার্জে থাকা অটোরিকশার প্লাগ খুলতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত চার্জারের সকেটে শর্ট সার্কিট হলে তিনি বিদ্যুতায়িত হন। শব্দ শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সফিজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে সফিজ উদ্দিনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।