👁 386 Views

ময়মনসিংহের ভালুকায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জাহানারা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের গনকা বাজারের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় রাত প্রায় সাড়ে ১২টার দিকে বিষাক্ত সাপের কামড়ে তাঁর ঘুম ভেঙে যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর অবস্থা দেখে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে তাঁকে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়ার পরও ওই গৃহবধূর মৃত্যু হয়।
নিহত গৃহবধূর নাম জাহানারা বেগম (৪৫)। তিনি কাচিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গনকা বাজার এলাকার লাল মিয়ার স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাচিনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন। তিনি বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাহানারাকে সাপে কামড় দিলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।