
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টার ফিলিং স্টেশন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে উড়ালসেতুর নিচে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে এবং আক্তারুজ্জামান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুব বিভাগের সদস্য ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাহাঙ্গীর কবির।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ড. মো. হারুন অর রশিদ মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফজাল হোসাইন খান এবং পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন।
বক্তারা বলেন, দেশের একটি বিশাল অংশ হলো তরুণ জনগোষ্ঠী। দেশের উন্নয়ন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা এবং ইতিবাচক পরিবর্তনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এজন্য তরুণদের নৈতিকতা, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তারা আরও বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ শক্তি। মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রেখে দেশ ও জাতির কল্যাণে তাদের মেধা, শ্রম ও নেতৃত্বকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। দেশ ও জাতির কল্যাণে তরুণদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
র্যালি ও আলোচনা সভায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক স্থানীয় তরুণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সমাপ্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।