
ইয়ানূর রহমান : যশোরে বুধবার বেলা ১২টায় শহরের ২ নম্বর আইনজীবী ভবনের নিচতলায় জাতীয় পার্টির জেলা শাখার আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চুর সভায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী।
সভায় শরিফুল ইসলাম সরু চৌধুরী বলেন, পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে পূর্বে অনুমোদিত ২৯ সদস্যের কমিটি কার্যকর করা হয়েছে। এর ধারাবাহিকতায় গত ৯ আগস্ট আরও ৪২ জনকে অন্তর্ভুক্ত করে মোট ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরো বলেন, নবগঠিত ৭১ সদস্যের কমিটিকে সঙ্গে নিয়ে যশোর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচিগুলোও সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে।
নতুন ৪২ জন সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করায় সভায় নেতৃবৃন্দ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। সভা শেষে নতুন অন্তর্ভুক্ত সদস্যরা উপস্থিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় আরও বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, মঈন খান, সিকদার সাঈদ আহমেদ এবং সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান, শফিয়ার রহমান, সেকেন্দার আলী, মিজানুর রহমান, আব্দুর রশিদ, রুহুল আমিন লাভলু, মনিরুজ্জামান হিরন, নজরুল ইসলাম, তুহিন খান, ইদ্রিস আলী, আমিনুর রহমান, মোহাম্মদ সোলেমান ও আলম ফারাজিসহ অন্যরা।#