👁 92 Views

নবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপি’র সমাবেশ ও গণমিছিল

এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর) “জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। গণমিছিলটি স্থানীয় স্মৃতিস্তম্ভ (৭১ মঞ্চ) থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় একই স্থানে এসে মিছিলটি শেষ হয় এবং স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি নেতা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মকবুলার রহমান গোর্কি। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে শক্তিশালী করার প্রেরণা জোগায়। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “জাতীয় স্বার্থে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এই আন্দোলনের মূল শিক্ষা। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। একই সাথে শহীদদের আত্মত্যাগের চেতনায় একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *