
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ থেকে দূরপাল্লা সহ সকল আভ্যন্তরীন রুটে বাস এবং সিএনজি চলাচল বন্ধ রয়েছে। বন্ধ ঘোষনার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি। ফলে যাত্রী সাধারণ পড়েছেন চরম ভোগান্তিতে।
জানা যায়, নওগাঁ বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে সিএনজি’তে যাত্রী উঠানোকে কেন্দ্র করে গত শনিবার( ২৬ সেপ্টেম্বর) দুপুরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় বাস শ্রমিক সিএনজি চালকদের সাথে চরম উত্তেজনা ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
এরই জের ধরে একই দিন বিকেলে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাস ষ্ট্যান্ড এলাকায় সিএনজি চালকরা একজোট হয়ে এক বাস শ্রমিককে বাস থেকে জোরপূর্বক নামিয়ে বেদম মারপিট করেন। পরে আহত ওই শ্রমিককে উদ্ধার করে প্রথমে নওগাঁ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনার প্রেক্ষিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বাস পরিবহন শ্রমিকরা ঢাকাসহ সকল দূর পাল্লার এবং আভ্যন্তরিন রুটে সব বাস চলাচল রন্ধ করে দেয়। এ ঘটনার জের ধরে তারা ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকটি সিএনজিও ভাঙচুর চালায় এবং সেগুলো চলাচলে বাধার সষ্টি করে এবং সিএনজি চলাচলও বন্ধ করে দেয়া হয়। এর ফলে নওগাঁ থেকে ঢাকাসহ সারাদেশে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে।
এদিকে বাস শ্রমিকরা প্রধান প্রধান সড়কগুলোতে সিএনজি এবং অন্য যে কোন ৩ চাকার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষনা এবং এই ঘটনায় সিএনজি চালকদের বাস শ্রমিক নির্যাতনে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত পরিবহন না চালানোর হুমকি প্রদর্শন করেছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত জেলা বাস মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়ন ও সিএনজি চালকদের সাথে ডিসির আলোচনা করে দ্রুত সমাধানের জন্য যাত্রী সাধারণ জোর দাবি জানিয়েছেন।