
নিজস্ব প্রতিবেদক রংপুর: নেসকো রংপুর জোনের আওতাধীন নগরীর বাসাবাড়ি, বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে পোস্টপেইড মিটার অপসারণ এবং বাধ্যতামূলকভাবে প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রমকে বেআইনি ও অবৈধ ঘোষণা চেয়ে আদালতে মামলা করেছেন ১৫ জন ভুক্তভোগী গ্রাহক।
বুধবার রংপুরের সিনিয়র সহকারী জজ আদালতে রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আব্দুল জব্বার সরকারসহ ১৫ জন গ্রাহক বাদী হয়ে নেসকো রংপুর জোনের প্রধান প্রকৌশলী (অপারেশন) মো. আশরাফুল ইসলাম মণ্ডলসহ ৬ জন কর্মকর্তাকে বিবাদী করে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর অন্য-৫৪৩/২০২৬।
মামলায় অভিযোগ করা হয়েছে, গ্রাহকদের সম্মতি ও আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক পোস্টপেইড মিটার অপসারণ করে প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এতে গ্রাহকরা আর্থিক ক্ষতির পাশাপাশি নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করা হয়েছে। এ কারণে প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রমকে বেআইনি ও অবৈধ ঘোষণা করে ঘোষণামূলক ডিক্রি চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বাদীরা।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ জানান, বিজ্ঞ বিচারক আবু বক্কর সিদ্দিক মামলার প্রাথমিক শুনানি শেষে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
মামলা দায়েরের পর জেলা জজ আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন রংপুর মহানগর নাগরিক কমিটির নেতারা। এ সময় তারা বলেন, আদালতই সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল। তারা আশা প্রকাশ করেন, আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং গ্রাহকদের অধিকার সংরক্ষিত হবে।
তবে অভিযোগের বিষয়ে নেসকো কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।