👁 301 Views

বন্যাদুর্গত মানুষের পাশে মরহুম হাজী নূরুল হক ট্রাস্ট, প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ

ইমরান হোসেন মুন্না পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি || চট্টগ্রামের পটিয়া উপজেলার ভয়াবহ বন্যায় পানিবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মরহুম হাজী নূরুল হক ট্রাস্ট। রোটারি ক্লাব অব চিটাগং সিটির সহযোগিতায় বন্যাকবলিত বিভিন্ন প্রত্যন্ত এলাকায় খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ নাজমুল হকের নেতৃত্বে শোভনদণ্ডী ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের হিলচিয়া কাজির মসজিদ এলাকা, জোয়ারা খান খনাবাদ, ইয়াকুব নগর, কুরাংগিরি ও লাউয়ারখীলসহ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও দুর্গম এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

স্থানীয়দের মতে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এসব এলাকার অসংখ্য পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় রান্নার সুযোগ নেই, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে মরহুম হাজী নূরুল হক ট্রাস্ট।

ত্রাণ বিতরণকালে স্বেচ্ছাসেবীরা বুকসমান পানি ও কাদা মাড়িয়ে দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক ও রোটারি ক্লাব অব চিটাগং সিটির সভাপতি মো. নাজমুল হক, চার্টার প্রেসিডেন্ট অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, পিপি লিয়াকত আলী চৌধুরী, পিপি মোহাম্মদ শাহজাহান, পিপি মৃণাল কান্তি দত্ত, রোটারিয়ান জাকারিয়া সোহেল এবং রোটারিয়ান হামিদুল ইসলাম।

এছাড়া ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন ট্রাস্টের সিনিয়র সদস্য ইয়াছিন ফিরু, মাসুদ, তানভির, শাফি ও অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

ত্রাণ বিতরণ শেষে মরহুম হাজী নূরুল হক ট্রাস্টের পক্ষ থেকে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিত্তবানদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *