👁 261 Views

নওগাঁয় কলেজের প্রভাষককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে 

 নওগাঁ প্রতিনিধি:  নওগাঁয় কলেজের প্রভাষককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে  দুষ্কৃতকারীদের বিরুদ্ধে।

অভিযোগে জানা যায়, নওগাঁর আত্রাইয়ে বড় শিমলা মহিলা কলেজের নেয়ামুল বাশির (৫০) নামে এক প্রভাষককে নির্মমভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রেখে গেছে দুষ্কৃতকারীরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার ভরমাধাইমুড়ি ও শাহাগোলার মাঝামাঝি রেললাইনের পাশে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  নিহতের স্বজন ও এলাকাবাসী দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।​
নিহত প্রভাষক নেয়ামুল বাশির (৫০) রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের মৃত নজিবর রহমান দেওয়ানের ছেলে। তিনি আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে নওগাঁ সদর উপজেলার চকরামপুর মহল্লায় বসবাস করতেন।
নিহতের ছোট ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টার দিকে নেয়ামুল বাশী আত্রাই থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। রওনা হওয়ার সময় পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় তিনি জানিয়েছিলেন যে, নওগাঁয় পৌঁছে তিনি এশার নামাজ আদায় করবেন। কিন্তু এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
​আজ বুধবার ভোর ৫টার দিকে স্থানীয়রা রেললাইন ধারে হাঁটার সময় ভরমাধাইমুড়ি ও শাহাগোলার মধ্যবর্তী রেললাইনের পূর্বপাশে লাশটি পড়ে থাকতে দেখেন। মহুুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
​আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম জানান, যেহেতু লাশটি রেললাইনের পাশে পাওয়া গেছে, তাই আইনানুযায়ী রেলওয়ে পুলিশ বিষয়টি দেখছে। ​সান্তাহার রেলওয়ে থানার (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে নিয়মিত হত্যা মামলা রুজু করা হবে। এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *