
সৈয়দ মনির আহমদ, ফেনী থেকে : ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, পুলিশ ক্লিয়ারেন্সের বিনিময়ে টাকা দাবি করলে এবং মামলা বানিজ্য করলে ওই পুলিশ সদস্য ফেনীতে থাকতে পারবেনা। পুলিশ সুপার বলেন, জুলাই আন্দোলন চলাকালে যে সন্ত্রাসীরা অস্ত্র ব্যবহার করেছে, তারা দেশে থাকলে অবশ্যই গ্রেপ্তার করা হবে, তাদের ব্যবহৃত সব ধরনের অস্ত্র উদ্ধার করা হবে। মাদক ও কিশোরগ্যাং নিয়ন্ত্রণে জিরোটলারেন্স নীতি গ্রহন করা হবে বলে জানান তিনি।
১৬ জুন দুপুরে এসপির সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দায়িত্ব পালনে সাংবাদিকসহ ফেনীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সাইফুল ইসলাম’সহ প্রেসক্লাব, ফেনী সাংবাদিক ইউনিয়ন ও ফেনী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৬৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবনিযুক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এর আগে সিআইডির পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সাতক্ষীরা জেলার বাসিন্দা প্রত্যুষ কুমার মজুমদার বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা।
১৫ জুন আনুষ্ঠানিকভাবে ফেনীর পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহন করেন প্রত্যুষ কুমার মজুমদার।