
স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ বছর ৬ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ আহত হয়েছেন আরও ৬ জন।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মো. জুনায়েদ হোসেন, সে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে।
পুলিশ জানায়, কানসাট গামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশুসহ সাতজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।