
দুর্জয় বড়ুয়া,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় সুনামধন্য সার্বজনীন শ্রী শ্রী নারায়ণ মন্দিরে ভোররাতে ধর্মীয় আবেগঘন পরিবেশে শেষ হয়েছে ঐতিহ্যবাহী রাস পূজা। বহু বছরের সুনাম, শুদ্ধাচার ও ভক্ত-সমাগমে এ মন্দিরের রাস পূজা এখন জেলার অন্যতম বড় ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত। আলোকসজ্জা ও সাজসজ্জায় পুরো মন্দির এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। স্থানীয়রা জানান, প্রতিবছর এই রাস পূজা দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা এসে থাকেন।
পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, ২৩ নভেম্বর অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া এই রাস পূজা উপলক্ষে দীঘিনালা ছাড়াও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে হাজার-হাজার ভক্ত-অনুরাগী অংশ নেন। ভক্তিমূলক সঙ্গীত, নামসংকীর্তন, প্রসাদ বিতরণসহ নানা আচারানুষ্ঠানে বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। রাস পূজাকে ঘিরে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও প্রাণচাঞ্চল্য দেখা যায়। পুরো উৎসবমুখর পরিবেশে ভক্তরা রাতভর ধর্মীয় অনুভূতিতে মগ্ন ছিলেন।
তারা আরও জানান, ভক্তদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করেছে। শৃঙ্খলা রক্ষায় মন্দির এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থাও ছিল। শান্তিপূর্ণ পরিবেশে রাস মহোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় পূজা কমিটি ভক্ত-অনুরাগী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং আগামীতে আরও বৃহৎ আয়োজনে রাস পূজা পালনের আশাবাদ ব্যক্ত করেছে।