👁 70 Views

বিরলে শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। ‎পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথিতে তথা শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বিরলে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার সকালে বিরল শহীদ মিনারে চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
‎বিরল উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি এবং এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ সরকার এর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ ও আদিবাসী নেতা প্রদীপ সিং এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম, অফিসার ইনচার্জ আল এমরান, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক হীরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিরল উপজেলা শাখার আহ্বায়ক দীনেশ চন্দ্র রায়, সদস্য সচিব ভূবন কুমার রায়, যুগ্ম আহ্বায়ক ভূবন মহন্ত, উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এবং বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সকিন চন্দ্র রায়, শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম এর আচার্য এবং এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী জয়ন্ত কুমার সরকার প্রমুখ।
‎এসময় আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, আমরা সবাই মানুষ, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। তারপর হলো আমাদের যার যার ধর্ম। আমি মুসলমান সম্প্রদায়ের মানুষ। আমার ধর্ম আমার কাছে আপনাদের ধর্ম আপনাদের কাছে। আমরা ধর্ম নিয়ে কোন বিভেদ করতে চাই না। আমরা নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করব। এই দেশটা হচ্ছে আমাদের সকল ধর্মের মানুষের দেশ। আমরা মুক্তিযুদ্ধ করেছি সেই যুদ্ধেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,  মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছি। দেশটা স্বাধীন করেছি কোন একক ধর্মের জন্য নয়। আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে এই দেশে বসবাস করব, দেশটাকে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গঠন করব। আমাদের নেতা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ধর্ম যার যার এই দেশটা হচ্ছে আমাদের সবার। আমিও সেটাতে বিশ্বাস করি এবং মনে প্রাণে ধারণ করি। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি যতদিন আছি, আমি থাকাকালীন আপনাদের ধর্ম পালনে কেউ চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *