
শাহজাহান কবির সাজু .পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে একটি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন কমান্ডার।
১৮ নভেম্বর বুধবার পানছড়ি সদর ইউনিয়নের কামিনী মেম্বারপাড়া এলাকার জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পরিদর্শন করেন তিনি। এ সময় বিহারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
৩’বিজিবি লোগাং জোন কমান্ডার বলেন, কঠিন চীবরদান উদযাপন নির্বিঘ্ন করতে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে। বিহারসহ পানছড়ি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শন শেষে বিহার কর্তৃপক্ষের প্রতিনিধিদের হাতে উপহারসামগ্রী ও আর্থিক অনুদান তুলে দেন তিনি। এ সময় এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন বিজিবি জোন কমান্ডার।