
পটুয়াখালী প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পটুয়াখালী জেলা বিএনপির আওতাধীন দশমিনা উপজেলা এবং গলাচিপা উপজেলা বিএনপির বর্তমান কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, সংগঠনের কাঠামোকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ১৭ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিটি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি সেনহাংশু সরকার কুট্রি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান টোটন এর বরাবরে প্রেরণ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ও কার্যক্রম জোরদার করতে এবং দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংহত করতে এই বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, অচিরেই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে। এতে ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতারা।
এই সিদ্ধান্তকে ঘিরে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক কার্যক্রমে উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বিএনপি সূত্র জানিয়েছে।