
মাদারীপুর প্রতিনিধি: ঔষধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থ রক্ষায় ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস)-এর সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে সাধারণ কেমিস্টদের আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর শহরের পুরান বাজারস্থ মেলবোর্ন প্লাজার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, মাদারীপুর জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক গৃহীত উক্ত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিসিডিএস-এর মাধ্যমে সুশৃঙ্খলভাবে ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালিত হয়ে আসছে। হঠাৎ করে এই প্রক্রিয়ায় সমিতির সম্পৃক্ততা বাতিল করায় সাধারণ ঔষধ ব্যবসায়ীরা চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের ন্যায় বিসিডিএস-এর সম্পৃক্ততায় কোর্স পরিচালনার সুযোগ দেওয়ার জোর দাবি জানান তারা। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) মাদারীপুর জেলা শাখার সভাপতি আবু সালেহ মোহাম্মদ ইয়ামিন খান শামীম, সিনিয়র সহ-সভাপতি সোহানুর রহমান শামীম, সহ-সভাপতি মাইনুল হাসান হান্নান এবং সাবেক সভাপতি তাপস কুমার দাস। এছাড়াও স্থানীয় ঔষধ ব্যবসায়ী আলী আজম সরদার, প্রনব কুমার, মামুন খান, সবুজ মিয়াসহ জেলার বিভিন্ন স্থানের সাধারণ কেমিস্ট ও ফার্মাসিস্ট বৃন্দ মানববন্ধনে অংশ নেন।