👁 137 Views

আদালতের নিষেধ  অমান্য করে  মাধবদীর শিমুলের কান্দী গ্রামে  বিরোধপুর্ন  জমিতে ভবন নির্মাণের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মাধবদীতে আদালতের নির্দেশনা ও পুলিশের নিষেধ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে একই এলাকার জাকির, মাহাতাব ও রানুসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
মামলা সূত্রে জানা যায়, মাধবদী সাব-রেজিস্ট্রি অফিসের আওতাধীন শিমুলেরকান্দী মৌজার এস.এ খতিয়ান নম্বর ৭৫ এবং এস.এস. ৮৫ নম্বর দাগের মোট ১৫ শতাংশ জমিতে বাদীপক্ষের বৈধ মালিকানা ও দীর্ঘদিনের ভোগদখল রয়েছে। জানা যায়, ১৯৭৪ সালে হান্নান মিয়ার পিতা মুকসুদ আলী জোহর আলীর কাছে জমিটি বিক্রি করেন। তবে সে সময় জমিটির নামজারি সম্পন্ন করা হয়নি। পরবর্তীতে এই সুযোগকে কাজে লাগিয়ে বিবাদীরা স্থানীয় ভূমি অফিসের অসাধু কর্মচারীদের যোগসাজশে জমিটি নিজেদের নামে অবৈধভাবে নামজারি করে জাকির, মাহাতাব ও রানুর কাছে বিক্রি করে দেন।
পরে জোহর আলীর পরিবার বিষয়টি জানতে পেরে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে মৃত জোহর আলীর পুত্রবধূ  মোসা. ছালেহা বেগম বাদী হয়ে হান্নান গংয়ের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হান্নান (৩০), রায়হান (২৭) ও জসিম উদ্দিনকে (৬৫)কে আসামি করে মামলা দায়ের করেন।মামলা নং ৫৭১/২০২৬
অভিযোগে আরও বলা হয়, গত ২৫ জুন ২০২৬ সকালে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালান। এ সময় বাদীপক্ষের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে সরে যান। পরে বাদীপক্ষকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
এদিকে, গত ২২ জুলাই ২০২৬ মামলার শুনানিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জমির দখল ও মালিকানা বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী ৬ ডিসেম্বর ২০২৬মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়।
বাদীপক্ষের দাবি, আদালতের নোটিশ পাওয়ার পর মাধবদী থানা পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের নির্মাণকাজ বা পরিবর্তন না করার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে বিবাদীরা ভবন নির্মাণের কাজ চালিয়ে যাওয়া শুরু করে।
পরে বাদী ছালেহা বেগমের ছেলে ফারুক ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে বাধা দিতে গেলে তাঁকেও হুমকি-ধমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে রবিবার (১৪ নভেম্বর) দুপুরে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ পুনরায় ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে আসে।
মাধবদী থানা পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের নির্মাণকাজ বা পরিবর্তন না করতে আদালতের দেওয়া নির্দেশনা জারি করে এসেছি। এরপরও যদি কেউ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কোন ধরনের স্থাপনা নির্মাণ করতে চায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানান তিনি।
বর্তমানে ৮৫ বছর বয়সী ছালেহা বেগম তার পরিবার-পরিজন নিয়ে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ বন্ধ করে তার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে কার্যকর করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তিনি।
এব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জমি নিয়ে বিরোধ আরও জটিল আকার ধারণ করার পাশাপাশি এলাকায় অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।