
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার আনাচে-কানাচে ছড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শন। এর মধ্যে অন্যতম প্রাচীন মসজিদ। রাজা-বাদশাহ, জমিদার ও সুফি-সাধকদের স্মৃতিবিজড়িত এসব মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং এ অঞ্চলের ধর্মীয়, সামাজিক ও স্থাপত্য ইতিহাসের নীরব সাক্ষী। জেলার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে থাকা এমন ছয়টি মসজিদের মধ্যে তিনটিই পলাশবাড়ী উপজেলায় অবস্থিত। কোনোটি ঘিরে রয়েছে গায়েবি মসজিদের জনশ্রুতি, কোনোটি পরিচিত লাল মসজিদ নামে, আবার কোনোটি স্থানীয়ভাবে ‘জ্বীনের মসজিদ’ হিসেবে পরিচিত।
১. জামালপুর শাহী মসজিদ: সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুরে অবস্থিত ঐতিহাসিক জামালপুর শাহী মসজিদ। স্থানীয়ভাবে এটি ‘গায়েবি মসজিদ’ নামেও পরিচিত। মসজিদটির নির্মাণকাল নিয়ে নির্ভরযোগ্য তথ্য না থাকলেও স্থানীয় জনশ্রুতিতে সুফি সাধক হজরত শাহ জামালের (রহ.) নাম জড়িয়ে রয়েছে। প্রচলিত কাহিনি অনুযায়ী, একসময় প্রাকৃতিক দুর্যোগে মসজিদটি মাটির নিচে চাপা পড়ে যায়। ষাটের দশকের শুরুতে তৎকালীন মহকুমা প্রশাসক হক্কানী কুতুবউদ্দিনের উদ্যোগে এটি পুনরুদ্ধারের কার্যক্রম শুরু হয়। বর্তমানে পুরোনো স্থাপনার ওপর বিভিন্ন সময়ে সম্প্রসারণ করে নির্মিত তিনতলা মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করেন।
২. মীরের বাগানের শাহ সুলতান গাজীর মসজিদ: গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুরে অবস্থিত মীরের বাগানের শাহ সুলতান গাজীর মসজিদ জেলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা। মসজিদের পাশেই রয়েছে শাহ সুলতান গাজীর মাজার। মসজিদের গাত্রে থাকা শিলালিপির তথ্য অনুযায়ী, ১৩০৮ সালে সৈয়দ ওয়াজেদ আলী নামের এক ধর্মীয় ব্যক্তি মসজিদটি খুঁজে পান ও সংস্কার করেন। পরবর্তী সময়ে শাহ সুলতানের নামের সঙ্গে মসজিদটির পরিচিতি গড়ে ওঠে। মসজিদ ও মাজারকে ঘিরে প্রতিবছর বৈশাখী মেলার আয়োজন হয়।
৩. কাদিরবক্স মণ্ডল মসজিদ: পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী এলাকায় অবস্থিত কাদিরবক্স মণ্ডল মসজিদ। আকারে ছোট হলেও এক গম্বুজবিশিষ্ট পুরোনো এই মসজিদটি স্থানীয় ইতিহাস ও স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। এর প্রতিষ্ঠাতা ও নির্মাণকাল নিয়ে মতভেদ রয়েছে। তবে এর পুরোনো নির্মাণশৈলী অতীতের ধর্মীয় সংস্কৃতি ও স্থানীয় স্থাপত্যরীতির পরিচয় বহন করে।
৪. মাস্তা মসজিদ: গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামে অবস্থিত ঐতিহাসিক মাস্তা মসজিদ। স্থানীয়ভাবে এটি ‘লাল মসজিদ’ নামে পরিচিত। উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে ফাঁসিতলা বাজারের কাছে মহাসড়কের পাশে এর অবস্থান। প্রায় ৩৫ ফুট লম্বা ও ১৬ ফুট চওড়া মসজিদটির চার কোণে চারটি স্তম্ভ এবং ছাদে রয়েছে তিনটি গম্বুজ। এতে তিনটি দরজা থাকলেও জানালা নেই। নির্মাণশৈলী দেখে স্থানীয়দের ধারণা, এটি মুঘল আমলের স্থাপনা। মসজিদটি ঘিরে বদশাহ ফকির নামের এক ধর্মপ্রাণ ব্যক্তিকে নিয়ে জনশ্রুতিও রয়েছে।
৫. পলাশবাড়ীর তালতলী জামে মসজিদ: পলাশবাড়ী উপজেলার ফকিরহাট এলাকার ঐতিহ্যবাহী তালতলী জামে মসজিদ স্থানীয়দের কাছে পরিচিত একটি পুরোনো ধর্মীয় স্থাপনা। প্রবীণদের স্মৃতিচারণে জানা যায়, একসময় মসজিদটির পুরোনো স্থাপনায় ছিল চমৎকার গম্বুজের আদল। ৭৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা শাকোয়াত বলেন, ‘আমরা নিজেরাও মসজিদটির সুনির্দিষ্ট নির্মাণকাল জানি না। তবে ছোটবেলা থেকেই বাপ-দাদার মুখে এর ঐতিহাসিক গুরুত্বের কথা শুনে আসছি।’ তবে মসজিদটির প্রকৃত নির্মাণকাল ও প্রতিষ্ঠাতার পরিচয় এখনো অজানা।
৬. রায়তি নড়াইলের জ্বীনের মসজিদ: পলাশবাড়ী উপজেলার ৬ নম্বর বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামে রয়েছে ঐতিহ্যবাহী ‘ভাঙা মসজিদ’, যা স্থানীয়ভাবে ‘জ্বীনের মসজিদ’ নামেও পরিচিত। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, মসজিদটি এক রাতেই নির্মিত হয়েছিল এবং এর নির্মাণের সঙ্গে জ্বীনের গল্প জড়িয়ে রয়েছে। তবে এক রাতে নির্মাণ কিংবা জ্বীনের সহায়তায় নির্মাণের দাবির পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। মসজিদটির প্রকৃত নির্মাণকাল ও প্রতিষ্ঠাতার পরিচয় জানতে প্রয়োজন অনুসন্ধান ও প্রত্নতাত্ত্বিক গবেষণা।
সংরক্ষণে প্রয়োজন গবেষণা ও উদ্যোগ: বড় জামালপুর শাহী মসজিদের খতিব আশরাফুল ইসলাম আশরাফী বলেন, ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না; ইট, পাথর, গম্বুজ ও শিলালিপির মধ্যেও অতীতের পরিচয় বহন করে। গাইবান্ধার প্রাচীন মসজিদগুলো যথাযথভাবে গবেষণা ও সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা সম্ভব হবে।
গাইবান্ধার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জেলার ইউনিয়ন ওয়েব পোর্টালগুলোতে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রশাসনের পর্যটন তালিকায় মীরের বাগানের শাহ সুলতান গাজীর মসজিদ ও মাস্তা মসজিদের মতো স্থাপনাও স্থান পেয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এসব মসজিদের প্রকৃত বয়স, নির্মাণকাল, প্রতিষ্ঠাতা ও স্থাপত্যশৈলী নির্ধারণে প্রত্নতাত্ত্বিক গবেষণা জরুরি। পাশাপাশি পুরোনো শিলালিপি, নথিপত্র ও স্থাপত্যের নিদর্শন সংরক্ষণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণে সরকারি উদ্যোগ প্রয়োজন। পরিকল্পিত সংরক্ষণ করা গেলে গাইবান্ধার এসব মসজিদ ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি ইতিহাস ও পর্যটনের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে।