👁 190 Views

যশোরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা, আটক ৯

ইয়ানূর রহমান : যশোরে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৃথক দুটি স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলাটি করেছেন কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম। বিস্ফোরক আইনের ধারায় মামলাটি করা হয়।

ঘটনার পর রাতে শহরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, সুজলপুর গ্রামের মনিরুজ্জামান লাবলু, ভগবতীপুর এলাকার লাভলু, চাঁচড়া রায়পাড়া এলাকার কাজী বাকেরুল ইসলাম ইরান, ধর্মতলা এলাকার রকমারি চায়ের দোকান সংলগ্ন এলাকার  আরমান হোসেন রিজভী, বকচর এল মার্কেটের পেছনের এলাকার ডালিম হোসেন, চাঁচড়া রায়পাড়া এলাকার সম্রাট, চাঁচড়া রায়পাড়া এলাকার তানভির, ষষ্ঠীতলা পাখিপট্টি এলাকার হৃদয়, রেলস্টেশন মাদ্রাসাপাড়া এলাকার  ভোমর বাপ্পি, পুলেরহাট এলাকার আইজুল, খড়কী কলাবাগানপাড়া এলাকার তুহিন, খড়কী কলাবাগানপাড়া এলাকার শিপন ভাগ্নে, রেলগেট পশ্চিমপাড়া এলাকার দেলো, খড়কী কলাবাগানপাড়া এলাকার মোহন আলী, চাঁচড়া রায়পাড়া এলাকার ব্ল্যাক মামুন, বেজপাড়ার শ্রীধর পুকুরপাড় এলাকার  অমিত কর্মকার, কাজীপাড়া কাঁঠালতলা এলাকার আবুজার হোসাইন, শংকরপুর গোলপাতা মসজিদের পূর্ব পাশের এলাকার ইকবাল বাদশা রনি, শংকরপুর দুলালের মোড় এলাকার সুমন, শংকরপুরের ৭ নম্বর ওয়ার্ডের বেজপাড়া এলাকার আবির, শংকরপুরের ৭ নম্বর ওয়ার্ডের ছোটনের মোড় এলাকার জাফর।

তাদের মধ্যে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়েছে। তারা হলেন, মনিরুজ্জামান লাবলু, লাবলু, ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম ও সানোয়ার হোসেন।

এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানার এসআই রাইসুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে যশোর রেলস্টেশনের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি জানতে পারেন, জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপর রাত ৯টার দিকে পুলিশ সহকারী জজ আদালতের ফটকের সামনে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ ও কালো স্কচটেপের দুটি টুকরা উদ্ধার করে। একই সময় অর্থাৎ রাত ৮টা ৩৫ মিনিটের দিকে প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনের দিকে ককটেলসদৃশ হাতবোমা নিক্ষেপ করা হয়। বোমাটি আদালত ভবনের পেছনের প্রবেশ পথের ডান পাশে প্রাঙ্গণের ভেতরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। পুলিশ ওই ঘটনাস্থল থেকে ছয়টি বিয়ারিং বল, দুটি কালো স্কচটেপের টুকরা এবং বিস্ফোরিত টিনের কৌটার দুটি অংশ উদ্ধার করে।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, আটককৃতরা সকলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তারা শান্তিশৃঙ্খলা নষ্ট ও যশোরকে অস্থিতিশীল করতে এসব নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।#