
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় পৃথক অভিযানে নাশকতা ও অপহরণ মামলায় দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার কপিলমুনি বাজার থেকে পঙ্কজ কর্মকারকে আটক করে পুলিশ। তিনি উত্তর সলুয়া গ্রামের মৃত গোষ্ট কর্মকারের ছেলে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, পঙ্কজ কর্মকারকে জিআর ১৩৯/২৪ নম্বর মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, অপহরণ মামলায় কয়রা উপজেলার পাটনিখালি গ্রামের মঞ্জু মোল্লার ছেলে বায়োজিত মোল্লাকে রাতে কয়রা থানা পুলিশের সহয়তায় আটক করা হয়। তাঁকে জিআর ২০৮/২৬ নম্বর মামলায় আদালতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।