👁 150 Views

আফতাবনগরে এসএসসি ৯২ ব্যাচের জমকালো মিলনমেলা: হাঁসের ভোজ ও দূর-দূরান্তের বন্ধুদের আনন্দ-উচ্ছ্বাস

 মোঃ নজরুল ইসলাম : “পুরানো বন্ধু, নতুন আনন্দ—আবার একসাথে হই… হাসি আর স্মৃতির নতুন অধ্যায়!”—এই আবেগঘন প্রতিপাদ্যকে সামনে রেখে আজ উদযাপিত হলো ‘এসএসসি ৯২ ফাউন্ডেশন’-এর আয়োজনে এক বর্ণাঢ্য ও আনন্দঘন মিলনমেলা।

আজ ৬ নভেম্বর (শুক্রবার) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর আফতাবনগরে “হাঁসের ভোজে বন্ধুত্বের খোঁজ!” শীর্ষক এই বিশেষ আয়োজনটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে পুরোনো দিনের মধুর স্মৃতিচারণ, হাসি-ঠাট্টা আর আড্ডায় মেতে উঠতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসএসসি ৯২ ব্যাচের বন্ধুরা এসে একত্রিত হন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রসনা তৃপ্তিকর ও বৈচিত্র্যময় সব খাবারের আয়োজন। জিভে জল আনা তাজা হাঁসের মাংস ভুনা, সুস্বাদু ভুনা খিচুড়ি, ডিমের ঝোল, হরেক রকমের মুখরোচক ভর্তা এবং মিষ্টি জর্দা পরিবেশন করা হয়। পাশাপাশি দিনভর সবার জন্য আনলিমিটেড চা, কফি ও কোমল পানীয়ের ব্যবস্থা ছিল। খাবারের স্বাদ ও আন্তরিক আতিথেয়তায় মেতে ওঠেন উপস্থিত সবাই।
খাবারের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনেও ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। নিজেদের মতো করে গান গেয়ে, নেচে-গেয়ে পুরো আফতাবনগর এলাকা মুখরিত করে তোলেন বন্ধুরা। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত বন্ধুদের অনুভূতি, সাক্ষাৎকার ও বক্তব্য ভিডিওতে ধারণ করেন সাংবাদিক সৈয়দ আজাদ। পুরো আয়োজনজুড়ে চমৎকার উপস্থাপনায় মাতাই রাখেন ভিপি দুলাল ও শাকিল।
আয়োজক সূত্র জানায়, আধুনিক জীবনের ব্যস্ততার ফাঁকে পুরোনো বন্ধুদের সাথে কিছুটা সময় কাটানো এবং বন্ধনের সুতাটি আরও মজবুত করতেই এই আয়োজন।
“Good Food, Happy Friends, Great Memories”—এই স্লোগানকে ধারণ করে আয়োজিত এই মিলনমেলা বন্ধুদের পারস্পরিক সৌহার্দ্য ও আত্মিক বন্ধনকে নতুন মাত্রা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। সুন্দর ও নিখুঁতভাবে পুরো অনুষ্ঠানটি সফল করার জন্য উপস্থিত সব বন্ধু আয়োজক কমিটির বিশেষ করে রফিকুল ইসলাম রাসেল এবং মৌসুমি রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।