
মাদারীপুর প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মাদারীপুরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের চতুর্থ তলায় বাংলাদেশ শিশু একাডেমি, মাদারীপুর জেলা শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ছিল।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ক্যানভাসে শিশুদের সাবলীল ও রঙিন রেখায় ফুটে ওঠে ঐতিহাসিক এই দিনের নানা অনুভূতি ও ভাবনার প্রতিফলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর্য ও চিত্রশিল্পী আতিকুর রহমান আজাদ, সাংবাদিক ইমদাদুল হক মিলন, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুম্মন হোসেন, শিশু একাডেমির অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন এবং অভিভাবক স্বর্ণা খানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনগুলোর তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। চিত্রাংকন ও শিল্পচর্চার মাধ্যমে শিশুরা তাদের মননশীলতা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারে।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোর ও উপস্থিত অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।