👁 280 Views

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ৭ হাজার টাকা জরিমানা

বাঘা (রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কেমিক্যাল, ভেজাল গুড় তৈরির উপকরণ ও বিপুল পরিমাণ চিনির বস্তা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কারখানার মালিক সোহেল আলীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা বাজারের দক্ষিণ পাশে নওটিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন সোহেল আলীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। সোহেল আলী ওই গ্রামের বাসিন্দা মহসিনের ছেলে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ভেজাল গুড় এবং গুড় তৈরিতে ব্যবহৃত চিনি, রং, আটা, ফিটকিরি, চুনসহ বিভিন্ন উপকরণ ও নিষিদ্ধ কেমিক্যাল জব্দ করা হয়। পরে জব্দ করা উপকরণ ও ভেজাল গুড় বিনষ্ট করা হয়। এ ছাড়া বিপুল পরিমাণ চিনির বস্তাও জব্দ করা হয়েছে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারা অনুযায়ী অভিযুক্ত সোহেল আলীকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, ভেজাল খাদ্য তৈরি ও বাজার জাতকরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে খাদ্যে ভেজাল প্রতিরোধে খাদ্যে ভেজাল মেশানো বা নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।