
আবদুল্লাহ আল মামুন: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ফেনী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে দাগনভূঞা উপজেলার রামনগর খাজা মঈন উদ্দিন চিশতী (রা.) উচ্চ বিদ্যালয়।
জেলা শিক্ষা সপ্তাহের সমাপনীতে রামনগর খাজা মঈন উদ্দিন চিশতী (রা.) উচ্চ বিদ্যালয়কে ৬টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত করা হয়।
যেসব বিষয়গুলোতে সাফল্য থাকলে একটি প্রতিষ্ঠানকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়, সেসব নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ বলেন, পরীক্ষার ফলাফল, শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকদের যোগ্যতা ও শিখানোর পদ্ধতি, খেলাধুলায় নৈপুন্য, শিক্ষক শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থাসহ পাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ ও নৈপুন্য, স্কাউট, গার্লস গাইড, যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস পালন ইত্যাদি কার্যক্রমে ভালো অবস্থান থাকলেই একটি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
তিনি আরো বলেন, এর বাইরেও মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান ও ই-লার্নিং পদ্ধতির শিক্ষাদানের বিষয়কেও মূল্যায়ন করা হয়। আর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আবার বিভাগীয় কার্যক্রমে অংশ নেয়। সেখানেও একই বিষয়ের ওপর প্রতিযোগিতা হয়ে থাকে। তিনি আরও বলেন, শ্রেষ্ঠ হওয়ার জন্যে আমি আমার বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ সবার সম্মিলিত প্রচেষ্টা আর আন্তরিকতায় এগিয়ে যায় একটি প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।