👁 379 Views

নবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের স্বেচ্ছাসেবী নিয়োগে অনিয়মের অভিযোগ

এম সাজেদুল ইসলাম (সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের স্বেচ্ছাসেবী নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়ার প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এক ভুক্তভোগী।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা জারিকুল ইসলাম সুজন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ডের স্বেচ্ছাসেবী নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা যাচাই করার কথা থাকলেও তা সঠিকভাবে বিবেচনা করা হয়নি। চূড়ান্ত বাছাইয়ে কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা না দিয়েই এক ব্যক্তিকে সরাসরি ‘সুপারভাইজার’ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী জাকিরুল ইসলাম সুজন জানান, তিনি কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় প্রথম সারিতে অবস্থান করছিলেন। অথচ তাকে নিয়োগ না দিয়ে সম্পূর্ণ অনৈতিকভাবে অন্য এক ব্যক্তিকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, মাত্র ৪৪ দিনের একটি স্বল্পমেয়াদি প্রকল্পে এ ধরনের দৃশ্যমান অনিয়ম সরকারি অর্থের অপচয় এবং নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের দুর্নীতির সুযোগ তৈরি করছে। ভুক্তভোগী প্রার্থীরা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার বলেন, ‘অভিযোগ পেয়েছি। কেন এমন হলো, বিষয়টি সমাজসেবা অফিসে দেয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *