👁 366 Views

ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় মতবিনিময় সভা, সতর্ক থাকার আহ্বান এমপি তমিজ উদ্দিনের

আলাল সজিব, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ধামরাই থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্গাপূজা যেন সুষ্ঠু, সুন্দর, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার নির্দেশনা দেন।

পাশাপাশি গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কোনো সন্দেহজনক পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেন পুলিশ সুপার।

সভায় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান, ধামরাই উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার মজুমদার, সদস্যসচিব ও সাংবাদিক রনজিত কুমার পাল, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ধামরাই থানাধীন বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।