
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা প্রেসক্লাবের উদ্যোগে এবং ভিশন স্প্রিং-এর সহযোগিতায় পাবনা প্রেসক্লাবের সদস্য, পাবনায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির শুরু হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে শিবিরের উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহŸান জানান।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই চক্ষু শিবিরে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা-পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী চশমা সরবরাহ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রথম দিনে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ ৭৫ জনের চোখ পরীক্ষা ও তাদের পরামর্শ প্রদান করা হয়।