👁 444 Views

শার্শায় ১৮টি স্বর্ণের বার মটরসাইকেলসহ আটক ১, পলাতক ২

ইয়ানূর রহমান : যশোরের শার্শা থানা পুলিশের চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে আঠারো পিস স্বর্ণের বার, একটি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তি আটক হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে এবং শার্শা থানার ওসি জনাব মোঃ শামিনুল হকের সমন্বয়ে গঠিত পুলিশের টিম এই সাফল্য অর্জন করে।

পুলিশ সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের আভিযানিক দলটি শার্শা থানাধীন নাভারন-সাতক্ষিরা সড়কের খাজুরা এলাকায় বিশেষ অবস্থান নেয়। পরবর্তীতে শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান গ্রামস্থ ‘প্রাইম ব্রিকস’ নামক ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী সড়কের ওপর তল্লাশি চলাকালে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সাথে থাকা অন্য দুইজন অজ্ঞাতনামা সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

উপস্থিত পুলিশ সদস্য ও সাক্ষীদের উপস্থিতিতে আটক আলাউদ্দীনের হেফাজতে থাকা ১৮ পিস স্বর্ণের বার এবং পাচারে ব্যবহৃত একটি সুজুকী মোটরসাইকেল জব্দ তালিকা মূলে উদ্ধার ও আলামত হিসেবে জব্দ করা হয়।

আটককৃত আসামি আলাউদ্দীন শার্শার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

উদ্ধারকৃত ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দ করার পর এ ঘটনায় শার্শা থানায় একটি নিয়মিত চোরাচালান মামলা রুজু করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পালিয়ে যাওয়া অন্য দুই পলাতক সহযোগীর নাম-ঠিকানা সংগ্রহসহ তাঁদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান অব্যাহত রেখেছে।

আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।#