
বার্তা সংস্থা পিপ (ঢাকা) : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার জন্য ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহŸান জানিয়েছেন। আজ বুধবার বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন-এর নেতৃত্বে ১২ সদস্যের এক প্রতিনিধি তার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রপতি এ আহŸান জানান।
আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ল’রিপোর্টার্সগণ আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ দায়িত্বশীলতার সাথে পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়া সহজ ভাষায় জনগণকে আইন বিষয়ে সচেতন করতে তাঁরা তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছেন।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, সংবিধানের প্রাধান্য, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। তিনি বলেন, বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগ, আইনজীবী, আইন বিষয়ক সাংবাদিক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ন্যায়বিচার প্রাপ্তি আরো সহজ ও ত্বরান্বিত হবে।
রাষ্ট্রপতি আইন সাংবাদিকদের প্রতি আদালতের মর্যাদা ও বিচারাধীন বিষয়ের সংবেদনশীলতা অক্ষুণ্ণ রেখে কাজ করার জন্য আহŸান জানান। একই সঙ্গে তিনি অপতথ্য, ভ্রান্ত তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের আরো সচেতন ও সতর্ক থাকতে বলেন।
এর আগে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ল’ রিপোর্টার্স ফোরামের রজতজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মোঃ নূরুল আমীন, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ সরওয়ার আলম ও রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।