
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান, হাইব্রিড মরিচের বীজ, গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাক-সবজির বীজ, এয়ার ফ্লো মেশিন, লেবুর চারা ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারাগাছ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাহারুল ইসলাম, খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল মমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রমুখ।
উক্ত কর্মসূচির আওতায় ১০টি ইউনিয়নের ৫ হাজার কৃষক জনপ্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি করে উফশী রোপা আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। এছাড়া মরিচ আবাদের জন্য ১১০ জন কৃষক জনপ্রতি ১ বিঘা জমির জন্য ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার ও ১২০ টাকার বালাইনাশক এবং শাকসবজি আবাদের জন্য ৭০০ জন কৃষক জনপ্রতি ৭ ধরনের ৭ প্যাকেট সবজি বীজ (কলমি শাক ১০০ গ্রাম, লাউ ১৫ গ্রাম, চালকুমড়া ৫ গ্রাম, পুঁইশাক ১০০ গ্রাম, বেগুন ৫ গ্রাম, শসা ৫ গ্রাম ও মিষ্টি কুমড়া ১০ গ্রাম), ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিনামূল্যে সহায়তা হিসেবে পাবেন।#