👁 451 Views

নওগাঁয় বিদ্যালয় থেকে হেঁটে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর 

 নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর বদলগাছী উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় গৌরী পাহান (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার গোবরচাপা বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত গৌরী পাহান উপজেলার চাপাইনগর গ্রামের খোকন পাহানের মেয়ে।  স্থানীয়রা জানায় , প্রতিদিনের মতো সোমবার স্কুল ছুটি শেষে গৌরী পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে গোবরচাপা বাজার থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ মিটার দক্ষিণে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মর্মান্তিকভাবে নিহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে পিকআপটির পিছু ধাওয়া করে সেটি আটক করতে সক্ষম হয়েছে। তবে এ সময় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
গৌরীর আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশী, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে, ফলে দুর্ঘটনার ঝুঁকি সব সময়ই থাকে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, পলাতক চালককে দ্রুত গ্রেপ্তার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রুহুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কেউ বাদি হলে মাসলা ও পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *