👁 61 Views

পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ROSE

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদ মাঠে বিনামূল্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নির্ণয়, চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতামূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ০৯ টা থেকে বিকেল ০৫ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (ROSE)-এর উদ্যোগে এবং হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে আগত মানুষের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ এবং রোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ মোজাম্মেল হক। এছাড়াও উপস্থিত ছিলেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের সিইও মোহাম্মদ আনোয়ার হোসেন এবং তাঁর নেতৃত্বাধীন চিকিৎসক ও সংশ্লিষ্ট টিম। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন “ আমি জানি রোজ নিয়মিত এই ধরনের কার্যক্রম করে, এর আগেও দেখেছি, তাই বলছি এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে স্থানীয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা প্রয়োজন। আয়োজকদের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।”

ডঃ. মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নীরব ঘাতক হিসেবে মানুষের স্বাভাবিক জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক জীবনযাপন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার উদ্যোগটি প্রশংসনীয়। রোজ এই উদ্যোগ গ্রহণ করার জন্য আমি কৃতজ্ঞতা জানাই”

সিইও মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন “মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করাই আমাদের অন্যতম অঙ্গীকার। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে আমরা স্থানীয় জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে চাই। ভবিষ্যতেও ROSE-এর পক্ষ থেকে মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

ROSE-এর সভাপতি বলেন, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা পৌঁছে দেওয়াই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য।
বিশেষ করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো নীরব ঘাতক রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসার আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ROSE-এর নির্বাহী পরিচালক বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ROSE ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
সেবাগ্রহীতাদের অনুভূতি
ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণকারী একজন পুরুষ সেবাগ্রহীতা বলেন, বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ পাওয়ায় তিনি উপকৃত হয়েছেন। এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে এলাকার সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

একজন নারী সেবাগ্রহীতা রাহিমা বেগম বলেন, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পেয়ে তিনি সন্তুষ্ট। বিশেষ করে নারীদের জন্য এলাকায় এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দিনব্যাপী এ ক্যাম্পে পাঁচ শতাধিক নারী-পুরুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

আজকের ক্যাম্পেইন থেকে কিছু মুহূর্ত। সুস্থ সমাজ গড়তে সচেতনতা হোক সবার অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *