
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামে কিশোর রাহাত (১৫) হত্যার ঘটনায় অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হলে স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে পুকুরে গোসল করতে গিয়ে তর্কের জেরে রাহাতকে পানির নিচে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হামলা-ভাঙচুরের ঘটনাসহ পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।