
ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
মানুষের অধিকার ও সেবার অঙ্গীকার করে দোয়াও মোনাজাতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করেছেন ৪৭ নওগাঁ ২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষ মার্কার প্রার্থী কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টায় নওগাঁর ধামইরহাটে উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। নির্বাচন প্রচারণার সময় শামসুজ্জোহা খান বলেন,আজকে প্রচারণার এই শুভ সূচনায় আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের। সবার আগে আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি।
আমি এই এলাকার মানুষ, এই এলাকার মাটি এবং দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। বিগত বছরগুলোতে দেশের মানুষ, বিশেষ করে এই এলাকার মানুষ সীমাহীন নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন। মানুষের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে লড়াই-সংগ্রাম করতে গিয়ে আমাকে বিভিন্ন সময়ে কারাবরণও করতে হয়েছে।কিন্তু এই এলাকার মানুষের ভালোবাসা, মুরুব্বীদের দোয়া ও অনুপ্রেরণা সমাজের সমর্থন আমাকে বারবার সাহস জুগিয়েছে। সেই দোয়াতেই আমি আজ আবার আপনাদের মাঝেই ফিরে এসেছি।
এই এলাকার অবহেলিত, গরিব-দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিন-রাত খিদমত করার তৌফিক যেন আল্লাহ আমাকে দেন—এই দোয়া করবেন। আমি আপনাদের আমানত। আমি কোনো ভেদাভেদ করব না। সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের পাশে থাকব এবং তাদের অধিকার নিশ্চিত করব, ইনশাআল্লাহ।
তিনি বলেন,আমি এই দেশের মাটিতে ইসলামের জন্য কাজ করব। আজ থেকে আগামী ১০ ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী ২০ দিন আমাদের প্রচার-প্রচারণা চলবে। আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি হাজার হাজার মানুষের ত্যাগ ও কষ্টের বিনিময়ে। এই ঋণ হয়তো কোনোদিন শোধ করতে পারব না। তবে আমি আপনাদের কথা দিচ্ছি—আমার দ্বারা এলাকার কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, আমরা এই এলাকায় প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা সমাজব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাই। যেখানে মুরুব্বী, আলেম সমাজ, জ্ঞানী-গুণী মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী, তরুণ যুবক, ছাত্র ও নারীরা—সবাই অংশগ্রহণ করবে। এই পরিবর্তনের মাধ্যমে মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ। আর স্বাধীনতা বিরোধী দল জামায়াত এতদিন বিএনপির উপর ভর করে চললে আজ বিরোধিতা করছে, আরে আপনারা (জামায়াতকে) যার উসিলায় সিন্নি খাইলেন, আজ মোল্লা চিনেন না, জামায়াত আওয়ামী লীগের থেকেও খারাপ দল।’
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপি’র সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, সহ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।