
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া, ১০ জুন: যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়ার উদ্যোগে কুমারখালীর বাঁধবাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬।
বুধবার (১০ জুন) অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় বাঁধবাজার যুব স্পোর্টিং ক্লাব ও কুষ্টিয়া ফ্রেন্ডস ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে উভয় দলই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে। খেলায় কুষ্টিয়া ফ্রেন্ডস ক্লাব ৫-৩ গোলের ব্যবধানে বাঁধবাজার যুব স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয় অর্জন করে।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খেলার শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক মো. আসলাম হোসেন। খেলা শেষে তিনি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
পরে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী শেষে উপপরিচালক মো. আসলাম হোসেন মাদকের কুফল এবং সুস্থ সমাজ গঠনে খেলাধুলার অপরিসীম গুরুত্ব তুলে ধরে সমাপনী বক্তব্য দেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ বিনোদনের মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।