👁 474 Views

১৮ বছরের প্রবাসজীবনের সঞ্চয়ে কেনা জমি নিয়ে বিপাকে রিপন, দাবি ১৭ লাখ টাকার হিসাব

আরিফুল ইসলাম মহিন, পার্বত্য প্রতিনিধি: দীর্ঘ ১৮ বছরের প্রবাসজীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে জমি কিনেছিলেন। স্বপ্ন ছিল দেশে ফিরে নিজের জমিতে নিশ্চিন্তে বসবাস করবেন। কিন্তু জমির মালিকানা, ক্রয়মূল্য ও অর্থ লেনদেন নিয়ে বিরোধে পড়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা রিপন সরকারের। জমি কেনা ও রক্ষণাবেক্ষণসহ মোট ১৭ লাখ ৩৪ হাজার টাকা পরিশোধের দাবি করে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় পানছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন রিপন সরকার। তিনি উপজেলার ৩ নম্বর পানছড়ি সদর ইউনিয়নের টিএন্ডটি টিলা এলাকার বাসিন্দা। তাঁর বাবা তপন সরকার।

সংবাদ সম্মেলনে রিপন সরকার জানান, দীর্ঘ ১৮ বছর প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে দেশে জমি কেনার পরিকল্পনা করেন তিনি। সেই অনুযায়ী প্রবাসে থাকা অবস্থায় বন্ধু রুপন কান্তি দাশের মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলার ২৬২ নম্বর গোলাবাড়ি মৌজায় ২ একর ২৫ শতক জমি কেনার চুক্তি করেন। এর মধ্যে তাঁর নিজের অংশ ১ একর ৫০ শতক এবং বন্ধু রুপন কান্তি দাশের অংশ ৭৫ শতক।

তাঁর দাবি, জমিটির মোট ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৮ লাখ টাকা। এর মধ্যে তাঁর অংশের মূল্য ১২ লাখ এবং বন্ধুর অংশের মূল্য ৬ লাখ টাকা। নিজের অংশের জন্য ব্যাংক ও নগদে সম্পূর্ণ ১২ লাখ টাকা পরিশোধ করেন তিনি। এ ছাড়া জমির রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার জন্য আরও ২ লাখ ৩৪ হাজার টাকা দেন।

রিপন সরকারের অভিযোগ, দেশে ফিরে নিজের কেনা জমিতে কাটাতারের বেড়া দিতে গেলে জমির মূল মালিক নবীনা ত্রিপুরা ও কৌশিক চাকমা বাধা দেন। এ সময় তাঁদের কাছ থেকে তিনি জানতে পারেন, জমিটির প্রকৃত ক্রয়মূল্য ছিল ১০ লাখ টাকা। তাঁর দাবি, নির্ধারিত অর্থ পরিশোধের পরও নতুন করে ৫০ হাজার টাকা বকেয়া রয়েছে বলে দাবি করা হয়।

বিষয়টি সামাজিকভাবে সমাধানের আশায় প্রথমে সনাতন সমাজ কল্যাণ পরিষদের কাছে লিখিত অভিযোগ দেন রিপন সরকার। তাঁর ভাষ্য, সেখানে জমির ক্রয়মূল্য ১০ লাখ টাকা বলে স্বীকার করা হয়। তবে সেখানেও বিরোধের নিষ্পত্তি না হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি আদালতে মামলা করেন তিনি। পরে মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ওপর ন্যস্ত করা হয় বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, পরবর্তীতে বন্ধু রুপন কান্তি দাশের মালিকানাধীন ৭৫ শতক জমি কেনার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করা হয়। অন্যত্র প্রভাবশালী কারও কাছে জমি বিক্রি করে তাঁর সঙ্গে বিরোধ তৈরির হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন রিপন। পরিস্থিতির কারণে ওই জমি কিনতে সম্মত হলে তাঁর কাছে অতিরিক্ত ৭ লাখ টাকা দাবি করা হয়। এর মধ্যে ৩ লাখ টাকা পরিশোধ করেছেন এবং বাকি ৪ লাখ টাকা পরিশোধের জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।

নিজের পরিশোধিত অর্থের হিসাব তুলে ধরে রিপন সরকার জানান, জমি ক্রয় বাবদ ১২ লাখ, রক্ষণাবেক্ষণ বাবদ ২ লাখ ৩৪ হাজার এবং ৭৫ শতক জমি হস্তান্তর বাবদ ৩ লাখ টাকা দিয়েছেন তিনি। সব মিলিয়ে তাঁর দাবি অনুযায়ী পরিশোধিত অর্থের পরিমাণ ১৭ লাখ ৩৪ হাজার টাকা।

রিপন সরকার বলেন, দীর্ঘ ১৮ বছরের প্রবাসজীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে জমি কেনার পরও এখন তাঁকে নানা ধরনের চাপ ও বিরোধের মুখোমুখি হতে হচ্ছে। তিনি কারও সঙ্গে বিরোধে জড়াতে চান না; বরং নিজের দেওয়া অর্থের সঠিক হিসাব এবং জমির বৈধ মালিকানা নিশ্চিত করতে চান।

এ সময় সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্যের কাছে চার দফা দাবি জানান তিনি। দাবিগুলোর মধ্যে রয়েছে—জমির প্রকৃত ক্রয়মূল্য, দলিল ও মালিকানা নিরপেক্ষভাবে তদন্ত করা; পরিশোধিত ১৭ লাখ ৩৪ হাজার টাকার হিসাব যাচাই করা; অবশিষ্ট ৪ লাখ টাকা পরিশোধের জন্য চাপ ও হুমকির অভিযোগ তদন্ত করা এবং চলমান মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

তিনি আরও জানান, তাঁর দাবির সমর্থনে ব্যাংক লেনদেনের বিবরণ, অর্থ পরিশোধের প্রমাণপত্র, জমির দলিল ও আদালত-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তদন্তকারী কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তুত রয়েছেন।

সংবাদ সম্মেলনে রিপন সরকার বলেন, “আমি কোনো বিশেষ সুবিধা চাই না। ১৮ বছরের প্রবাসজীবনের কষ্টার্জিত অর্থের সঠিক হিসাব, জমির বৈধ মালিকানা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।”