👁 469 Views

কৃষি সম্ভাবনা কাজে লাগাতে খাগড়াছড়িতে মাঠপর্যায়ে তৎপরতা, হর্টিকালচার ও বিএডিসি কার্যালয় পরিদর্শন

আরিফুল ইসলাম মহিন,পার্বত্য প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের বিপুল কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে কৃষি কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ক্যরী মগ। এ লক্ষ্যে জেলার হর্টিকালচার সেন্টার ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যালয় পরিদর্শন করে চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রতিষ্ঠান দুটি পরিদর্শনকালে পার্বত্য অঞ্চলে উদ্যান ফসলের চারা উৎপাদন, উন্নত জাতের ফলজ ও অন্যান্য কৃষি চারা সরবরাহ, সেচ ব্যবস্থাপনা এবং কৃষকদের কৃষিসেবা প্রদানের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন জেলা পরিষদের এই সদস্য।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এ সময় পার্বত্য অঞ্চলের কৃষি খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও আধুনিকায়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, উন্নত জাতের চারা সহজলভ্য করা এবং সেচসুবিধা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় হর্টিকালচার সেন্টারের অতিরিক্ত উপপরিচালক মো. জহিরুল ইসলাম, সংরক্ষিত নারী সংসদ সদস্য মাধবী মারমার প্রতিনিধি অংগ্য মারমা, নীলপদ চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার ক্যরী মগ বলেন, পার্বত্য অঞ্চলে কৃষির অপার সম্ভাবনা রয়েছে। পরিকল্পিতভাবে এ সম্ভাবনাকে কাজে লাগানো গেলে কৃষকদের উৎপাদন ও আয় বৃদ্ধি এবং আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষকদের প্রয়োজন অনুযায়ী উন্নত জাতের চারা, আধুনিক কৃষি প্রযুক্তি ও সেচসুবিধা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে খাগড়াছড়ির কৃষি খাতকে আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় করে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।