
এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ: নওগাঁয় হঠাৎ শিলা বৃষ্টিতে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতিতে কৃষকদের মাথায় হাত উঠেছে। আজ বুধবার(১১ নভেম্বর) বেলা সাড়ে ৪ টার সময় শিলাবৃষ্টিজনিত এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন কৃষকরা। এতে চরম হতাশ হয়ে পড়েছেন কৃষকরা।
জানা গেছে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার বেলহট্টি, তাঁতিপাড়া, লক্ষ্মীপুর,হরষোল, কান্তইল,করমজাই,বুধুরিয়া এবং পোরশা উপজেলার পুরইল,পোরশা, হাতিখোচাসহ বিভিন্ন এলাকায় হঠাৎই ঝড় ও শিলাবৃষ্টিতে মাঠে কাটার অপেক্ষায় পাকা আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতিতে কৃষকদের মাথায় হাত উঠেছে। সবজি ও আগাম রবি ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন কৃষকরা।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে হঠাৎই আকাশে মেঘের গর্জন শুরু হয় এবং বিদ্যুৎ চমকাতে থাকে। কিছুক্ষণ পর হালকা বৃষ্টিপাত শুরু হয় ও অল্প অল্প শিলা পড়তে থাকে। পরে মুসলধারায় বৃষ্টিপাতে রূপ নেয়। বৃষ্টিপাতের শেষ দিকে সন্ধ্যার আগ মুহুর্তে ৫ মিনিট ব্যাপক শিলাবৃষ্টিতে পরিনত হয়।
নিয়ামতপুরের লক্ষীপুর হরষোল এলাকার কৃষক আজাদ হোসেন ও আরিফ হোসেন জানান, বুধবার বিকেলে হঠাৎই ব্যাপক শিলাবৃষ্টি শুরু হয়। এতে তার ৮ বিঘা আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন। রাত হয়ে যাওয়ায় মাঠে যেতে পারেননি। তবে সকালে মাঠে গিয়ে ক্ষতির পরিমাণ যাচাই করা সম্ভব হবে।
পোরশা উপজেলার বড়গ্রামের কৃষক মশিউর রহমান জানান, শিলাবৃষ্টিতে তার ৫ বিঘা জমির আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় খেতে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা সম্ভব হয়নি।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ করতে পারেনি সংশ্লিষ্ট কৃষি বিভাগও।