👁 185 Views

বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস করা হলো ২ ড্রেজার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:  জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পুরান আইরমারী গ্রামে দশানী নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দশানী নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”