👁 342 Views

শার্শার একশ’ বছরের ঐতিহ্যবাহী নাভারণ পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হলো।।

যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার একশ’ বছরের ঐতিহ্যবাহী নাভারণ পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও পুনরায় চালু করা হয়েছে। হাটটি পুনরায় চালু উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে আনুষ্ঠানিক ভাবে হাটের উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
এ সময় আবুল  হাসান জহির বলেন, প্রায় একশ’ বছরের পুরোনো নাভারণ পশুহাট একসময় এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল। কিন্তু নানা অনিয়ম ও সমস্যার কারণে হাটটি দীর্ঘদিন বন্ধ ছিল। ব্যবসায়ীদের স্বার্থ ও এলাকার ঐতিহ্য রক্ষায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে হাটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে আজ বুধবার থেকে হাটটি আনুষ্ঠানিক ভাবে চালু হলো।
হাট সূত্রে জানা গেছে, পশুহাটে গরু বিক্রির ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে প্রতি গরু ৫০০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৩০০ টাকা করে খাজনা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ছাগল বিক্রির ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে ১৫০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৫০ টাকা নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও ওলামাদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের আশা, নাভারণের এই ঐতিহ্যবাহী পশুহাট পুনরায় চালু হওয়ায় এলাকার ব্যবসা-বাণিজ্য যেমন চাঙ্গা হবে, তেমনি ফিরে আসবে দীর্ঘদিনের হারানো ঐতিহ্য।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *