👁 114 Views

মাগুরায় স্বচ্ছতার ভিত্তিতে কনস্টেবল পদে পুলিশের চাকুরি পেলেন ১৭ জন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি-  মাগুরা জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদ অনুসারে বিদ্যমান কোটা ও নিয়োগ পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

রবিবার (২৪ মে) নির্ধারিত সময়ে মাগুরা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ধাপ লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন মাগুরা জেলার সম্মানিত পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

এ নিয়োগ কার্যক্রমে মোট ১২৩৪ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক বাছাই শেষে ৩৪৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভার জন্য মনোনীত হন ৩৭ জন প্রার্থী। চূড়ান্ত ভাইভা শেষে মোট ১৭ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় এবং ৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় উত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই আবেগাপ্লুত হয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-সহ টিআরসি নিয়োগ কার্যক্রমের সাথে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রেরক- মো. কামরুল হাসান
মহম্মদপুর মাগুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *