👁 146 Views

চাঁদা, হত্যার হুমকি ও দেয়াল ভাঙ্গার প্রতিবাদে জামালপুরে সংবাদ সম্মেলন, চাইলেন নিরাপত্তা

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা, গাছ কর্তন, গৃহবধূকে মারধর এবং ৬ লাখ টাকা মূল্যের দেয়াল ভাঙ্গার প্রতিবাদে ও অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আকলিমা বেগন ও মো. আজাহার আলী।

বুধবার (২২ জুলাই) বিকেলে জামালপুর দয়াময়ী এলাকায় একটি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগি জামালপুর সদরের লক্ষীরচর ইউনিয়নের চরগজারিয়া গ্রামের বাসিন্দা আজাহার আলী বলেন, গত বছরের ১২ ফেব্রুয়ারি দলিল নং- ৩৯৩৮ মূলে তিনি চরগজারিয়া মৌজায় বিআরএস ৮৬৩ ও ৭৬৪ খতিয়ানের ৩৭৫৮ ও ৩৭৫৯ দাগে ৩ এবং ২ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে জমিটি সরকারিভাবে নামজারি খারিজ (খতিয়ান নং ২৫-১৪৫৫) সম্পন্ন করে তিনি সেখানে বসতভিটা নির্মাণ করেন এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে ৯০ ফুট দীর্ঘ ও ৭ ফুট উঁচু ইটের তৈরি দেয়াল তুলে বসবাস শুরু করেন।

​আজাহার আলী অভিযোগ করে বলেন, “আমরা বসতভিটায় বসবাস শুরু করার পর থেকেই এলাকার চিহ্নিত দাঙ্গাবাজ ও প্রভাবশালী আমার পার্শ্ববর্তী বাসিন্দা মো. ওমর আলী, মো. জসিম উদ্দিন, মোঃ ওয়াহিম উদ্দিন ও মো. শান্ত মিয়াসহ তাদের সহযোগীরা আমাদের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের ভিটাচ্যুত করার এবং হত্যার হুমকি দেয়। এ বিষয়ে লক্ষীরচর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিস দরবার করে আমাদের শান্তিতে বসবাসের সিদ্ধান্ত দেন এবং অভিযুক্তদের বাধা দিতে নিষেধ করেন।

​তিনি আরও জানান, বিবাদীরা স্থানীয় সালিসের সিদ্ধান্ত তোয়াক্কা না করে গত কিছুদিন আগে তার বসতঘরে তালা ঝুলিয়ে দেয় এবং ৪টি আম গাছ, ৩টি কাঁঠাল গাছ ও ১টি মেহগনি গাছ কেটে ফেলে। ওই সময় বন্দি অবস্থায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করা হলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে তাদের উদ্ধার করে। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরপরই বিবাদীরা হিংস্র হয়ে ঘরে প্রবেশ করে তার স্ত্রী মোছা. আকলিমা খাতুনকে চুলের মুঠি ধরে টেনে বের করে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে এবং পরনের জামাকাপড় ছিঁড়ে লাঞ্ছিত করে।

​সর্বশেষ গত ২০ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা সশস্ত্র সহযোগীদের নিয়ে বেআইনিভাবে জমিতে প্রবেশ করে প্রায় ৬ লাখ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৯০ ফুট দীর্ঘ ও ৭ ফুট উঁচু পুরো সীমানা প্রাচীরটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেয়।

​সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে আজাহার আলীর স্ত্রী আকলিমা বেগম বলেন, “চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে আমার পরিবার এখন চরম প্রাণভয়ে দিন কাটাচ্ছে। ইতোমধ্যে আমি জামালপুর কোর্টে লিখিত অভিযোগ দাখিল করেছি। সাংবাদিকদের মাধ্যমে আমি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি, যেন চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার, ক্ষতিপূরণ আদায় এবং আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *