👁 117 Views

পানছড়িতে প্রাণিসম্পদ বিভাগের যৌথ তদারকি ও সচেতনতামূলক সভা

শাহজাহান কবির সাজু প্রতিনিধি, পানছড়ি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির পানছড়িতে প্রান্তিক পরিবারের আয় বৃদ্ধি ও শিশুদের পুষ্টি উন্নয়নে গৃহপালিত পশুপাখি পালন বিষয়ে যৌথ তদারকি পরিদর্শন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার লোগাং ইউনিয়নের শান্তিনগরে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরিদর্শনে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সাব-অ্যাসিস্ট্যান্ট লাইভস্টক অফিসার নাসির উদ্দিন অংশ নেন। তিনি প্রকল্পের আওতায় আয়বর্ধনমূলক কার্যক্রমের জন্য আর্থিক সহায়তা পাওয়া পরিবারগুলোর ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পশুপাখির সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও টিকাদান বিষয়ে পরামর্শ দেন।
পরে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় নাসির উদ্দিন বলেন, পশুপাখির সঠিক পরিচর্যা ও সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে মৃত্যুঝুঁকি কমার পাশাপাশি পরিবারের আয়ও বাড়বে। পশুপাখি অসুস্থ হলে দ্রুত প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে কিছু সাধারণ ওষুধ বিতরণ করা হয়।
সভায় প্রকল্পের পানছড়ি উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর প্রয়াসী চাকমা ও তাসলিমা আক্তার, কমিউনিটি নিউট্রিশন প্রমোটর এবং প্রকল্পভুক্ত শিশুদের মায়েরা উপস্থিত ছিলেন।
আয়বর্ধনমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও শিশুদের পুষ্টি উন্নয়নে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।