👁 263 Views

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টালে “ভালুকায় ছাত্রনেতার ভাগিনার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়, যা আমার কাছে আপত্তিকর ও মানহানিকর বলে মনে হয়েছে। আমি উক্ত সংবাদের সংশ্লিষ্ট বক্তব্য ও অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলোর যথাযথ তথ্য-প্রমাণ ও নির্ভরযোগ্য সূত্র উপস্থাপন না করে আমাকে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত হিসেবে তুলে ধরা হয়েছে বলে আমি মনে করি। এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট বিষয়ে আমার বক্তব্য গ্রহণ এবং অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন ছিল।
আমি মনে করি, কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা অত্যন্ত জরুরি। যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তিকে অপরাধের সঙ্গে সম্পৃক্ত করে সংবাদ প্রকাশ করলে তাঁর সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হতে পারে।
এছাড়াও বলা হয়েছে, আমার মামা ভালুকা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাবুবল আলমের ছত্র-ছায়ায় আমি মাদক কারবারি চালিয়ে যাচ্ছি, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমার মামা একজন স্মার্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং মাদকবিরোধী ও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী। তিনি সামনের সারিতে দাড়িয়ে একাধিক মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো ট্রলারেন্স তিনি। একটি কুচক্রীমহল ঈর্ষাণ্বিত হয়ে আমাদের ব্যক্তিগত কারণকে পুঁজি করে সম্মান ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে।
 আমি এই প্রতিবাদলিপির মাধ্যমে প্রকাশিত সংবাদের সংশ্লিষ্ট অভিযোগগুলোর প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত ঘটনা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
মো. তারেক রহমান
সভাপতি
১ নং ওয়ার্ড ছাত্রদল, ডাকাতিয়া ইউনিয়ন।